শহীদ আবু সাঈদের স্মরণে পাথরাইল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- Update Time : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৭৮৬ Time View


মোঃ আসাদুল্লাহ (স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাথরাইল উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এবং ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে এক আবেগঘন পরিবেশে শহীদদের আত্মত্যাগের স্মরণ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতে সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
তাঁরা বলেন, “শহীদ আবু সাইদ ছিলেন একজন সাহসী, সংগ্রামী ও দেশপ্রেমিক তরুণ। দেশের জন্য তাঁর আত্মদান জাতি কখনোই ভুলবে না।”
বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক মোঃ জাকারিয়া খান। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও অগ্রগতির জন্য মোনাজাত করা হয়।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় শিক্ষার্থীদের মাঝে শহীদ আবু সাইদের জীবনী তুলে ধরা হয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শহীদদের স্মরণে এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

