মেধা বিকাশে এগিয়ে আসছে সচেতন ছাত্র সমাজ: চৌহালীতে ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষার আয়োজন
- Update Time : ০৯:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩৬ Time View

মোঃ আসাদুল্লাহ (স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের, চৌহালী উপজেলার শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও মেধা বিকাশের লক্ষ্যে’ সচেতন ছাত্র সমাজ (CSS) আয়োজন করেছে “সিএসএস ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা–২০২৫”। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বিশেষ কর্মসূচি আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ফ্রি ক্লাস এবং ৪ অক্টোবর ২০২৫ তারিখে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক্লাস ও পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয় এবং উমারপুর ইউনিয়নের পাথরাইল উচ্চ বিদ্যালয়ে। পুরো কার্যক্রম পরিচালনা করবেন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপর প্রস্তুতির সুযোগ পাবেন।
বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখলে শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বিভিন্ন মেয়াদে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশা করছেন।
সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপজেলার সকল নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

