
মোঃ শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি) ।
সিরাজগঞ্জ–৫ আসনের চৌহালী উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে চৌহালী সরকারী কলেজ মাঠে শুক্রবার দুপুর ২:০০ টার সময় এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ মোঃ সালেহ, আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী চৌহালী উপজেলা শাখা।
বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নদীভাঙন, বেকারত্ব ও অবকাঠামোগত সমস্যায় ভুগছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই ১১ দলীয় জোট নির্বাচনে অংশ নিয়েছে। তারা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
সমাবেশে জোটের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মেজর অবসরপ্রাপ্ত মনজুর কাদের। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আজ সংকটের মধ্যে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মেজর (অব.) মনজুর কাদের আরও বলেন, সিরাজগঞ্জ–৫ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ১১ দলীয় জোট বদ্ধপরিকর। নির্বাচনের মাধ্যমে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা।